
জাতীয় শোক দিবস ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহতদের স্মরণে আগস্ট মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। গত ২৯ জুলাই দলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একাধিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।

প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, আগস্টজুড়ে আলোচনা সভা, স্মরণসভা, দোয়া ও মিলাদ, শ্রদ্ধা নিবেদন, কালো পতাকা উত্তোলন, মোমবাতি প্রজ্বলন, মশাল মিছিল এবং বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কর্মসূচিগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম, মুক্তিযুদ্ধ, রাষ্ট্রগঠন, সংবিধান, অর্থনৈতিক উন্নয়ন, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।
এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় ইতোমধ্যে মোমবাতি প্রজ্বলন, মশাল মিছিল এবং শোক স্মরণে নানা কর্মসূচি পালিত হতে দেখা গেছে। বিভিন্ন স্থানে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ এসব কর্মসূচিতে অংশ নিয়ে ১৫ আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে কেন্দ্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং অন্যান্য স্মরণানুষ্ঠান আয়োজনের পাশাপাশি মাসব্যাপী বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের উদ্যোগেও পৃথক কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।
দলের পক্ষ থেকে ঘোষিত কর্মসূচিগুলো যথাযথ মর্যাদা, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশে বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।